রাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), বিশেষায়িত শাখা এসআরইউ এবং বিভিন্ন থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে একটি মিছিল বের হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয় (নমাম্বার ৪৫, তারিখ ২৬ নভেম্বর ২০২৬)। এই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মামলায় সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মাসুদ (৫৭), মুছা আহমদ খান মন্টু (৪০), আলহাজ মো. রেজাউল ইসলাম (৬৬), সোবাহান ওরফে শুভ (৩০), মো. মাসাদুল ইসলাম স্বপন (৫০), মো. ইকবাল হোসেন (৫২), মোহনপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ শহিদুজ্জামান (৫৫), মোহাম্মদ রুবেল শেখ (৩৮), মোহাম্মদ তারিফুর রহমান তোর (৩৮), ইদ্রিস আলম (৪২) এবং মো. সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর (৩৪)।
আরএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. মাসুদ রাজশাহী জেলা সড়ক পরিবহন সমিতির সাবেক সভাপতি, মুছা আহমদ খান মন্টু ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের পিএ, মো. ইকবাল হোসেন মোহনপুর থানা যুবলীগের সভাপতি এবং মোহাম্মদ শহিদুজ্জামান মোহনপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া ইদ্রিস আলম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং বাকিরা নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করতে এবং আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
