সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি এই পৃথিবীতে আসত না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
শনিবার (২৮ নভেম্বর) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধে অনেকের অবদান রয়েছে উল্লেখ করে ঢাবি উপাচার্য বলেন, সবকিছুর পরেও জিয়াউর রহমানের অবদান সবচেয়ে বেশি, যার কারণে আমরা আজ একটি স্বাধীন দেশ পেয়েছি।
দেশ নিয়ে এখনো বিভিন্ন ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, আধিপত্যবাদীরা বসে নেই, তাদের তীক্ষ্ণ নজর রয়েছে বাংলাদেশের ওপর। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না। তাকে ভুলে যাওয়া মানেই বাংলাদেশের সঠিক ইতিহাসকে অস্বীকার করা।
অধ্যাপক ওবায়দুল ইসলাম আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতেন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে স্বল্প সময়ে যেসব পদক্ষেপ নিয়েছিলেন, তার সুফল দেশের মানুষ এখনো পাচ্ছে। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জনপ্রিয়তা ও আদর্শের প্রসঙ্গও তুলে ধরেন।
