শীতের আমেজে খেজুরের রস জ্বালিয়ে গুড় তৈরির চিরচেনা দৃশ্য পাল্টে গেছে রাজশাহীর বাঘা, চারঘাট ও পুঠিয়া উপজেলায়। সেখানে এখন খেজুরের রস ছাড়াই চিটাগুড়, অপরিশোধিত চিনি, আটা, কাপড়ের রঙ ও রাসায়নিক পদার্থ মিশিয়ে রাতারাতি শত শত কেজি ভেজাল গুড় তৈরি করা হচ্ছে। এসব গুড় ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন বাজারে। অথচ প্রকৃত খেজুরের গুড় তৈরি করা গাছিরা উৎপাদন খরচ ও ভেজাল গুড়ের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হিমশিম খাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শীত মৌসুমের শুরুতেই এক শ্রেণির মৌসুমি ব্যবসায়ী কারিগর ভাড়া করে এসব অবৈধ কারখানা চালু করেছেন। চারঘাট, বাঘা ও পুঠিয়ার বিভিন্ন এলাকায় বাড়ির আঙিনায় প্রকাশ্যেই চলছে এই অপকর্ম। প্রতিটি কারখানায় এক রাতেই ২০০ থেকে ৩০০ কেজি গুড় উৎপাদিত হয়। টিনের বড় কড়াইয়ে চিনি, চিটাগুড় ও রাসায়নিকের মিশ্রণে তৈরি এই গুড়ে ফ্লেভার ব্যবহার করায় এর ঘ্রাণ আসল গুড়ের চেয়েও বেশি হয়, যা সাধারণ ক্রেতাদের বিভ্রান্ত করছে।
এদিকে জেলার তিন উপজেলায় প্রায় দেড় শতাধিক এমন কারখানা গড়ে উঠেছে। প্রকৃত গাছিরা জানান, তারা দিনভর পরিশ্রম করে সামান্য গুড় তৈরি করলেও কারখানার মালিকরা প্রতিদিন ৫ থেকে ১০ মণ ভেজাল গুড় বাজারজাত করছেন। প্রশাসন মাঝেমধ্যে অভিযান চালিয়ে জরিমানা ও কারখানা সিলগালা করলেও কিছুদিন পর অদৃশ্য কারণে সেগুলো আবার চালু হয়ে যায়।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, রাজশাহীতে সাড়ে ১১ লাখের বেশি খেজুরগাছ থাকলেও নানা কারণে আগের মতো রস মিলছে না। অথচ বাজারে গুড়ের সরবরাহ অস্বাভাবিক হারে বাড়ছে। বিশেষ করে পুঠিয়ার বানেশ্বরসহ বেশ কিছু বড় হাটে প্রতিদিন শত শত টন গুড় কেনাবেচা হয়।
চিকিৎসকদের মতে, রাসায়নিক মিশ্রিত এই ভেজাল গুড় মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি খাওয়ার ফলে আলসার, ডায়রিয়া ও কলেরার মতো পেটের নানা জটিল রোগ হতে পারে, যা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। ভেজাল রোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান ও কঠোর পদক্ষেপ অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
