রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এই পরিদর্শনে গিয়ে তিনি একটি ক্লাসে মাত্র একজন শিক্ষার্থী উপস্থিত দেখতে পান।
এ সময় ক্লাসে এত কম শিক্ষার্থী কেন—এমন প্রশ্নের সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি উপস্থিত শিক্ষকরা। এক শিক্ষক দাবি করেন, ওই ক্লাসে মোট ১৫ জন ছাত্রী থাকলেও তাদের উপস্থিতিতে অনীহা রয়েছে এবং ফোন করে তাদের আনতে হয়।
শিক্ষকদের এমন অসংলগ্ন ও দায়সারা জবাবে চরম অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। পরে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম বজায় রাখা এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।
