রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক আকস্মিক ও ভয়াবহ অগ্নিকাণ্ডে আতাউর রহমান নামের এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের দুটি কক্ষসহ ফ্রিজ, টেলিভিশন এবং সমস্ত আসবাবপত্র ভস্মীভূত হওয়ায় পরিবারটি মুহূর্তেই সর্বস্বান্ত হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নওপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হঠাৎ লাগা আগুনে সবকিছু হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নিচে দিন কাটানোর উপক্রম হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যান দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। তিনি সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা তুলে দেন।
ইউএনও উম্মে হাবিবা ফারজানা জানান, আকস্মিক এই বিপদে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে উপজেলা প্রশাসন। ভবিষ্যতেও তাদের যেকোনো প্রয়োজনে সরকারি সহায়তা অব্যাহত রাখা হবে।
প্রশাসনের এই দ্রুত ও মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। একইসঙ্গে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
