বাগমারা প্রতিদিন
আন্তর্জাতিক

শেখ হাসিনার ফেরা ও প্রত্যর্পণের আবেদন সম্পূর্ণ আলাদা বিষয়: নয়াদিল্লি

সংরক্ষিত সংবাদ

শেখ হাসিনার ফেরা ও প্রত্যর্পণের আবেদন সম্পূর্ণ আলাদা বিষয়: নয়াদিল্লি ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সোয়ালফাইল ছবি: এএফপি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাঁকে প্রত্যর্পণের জন্য ঢাকার করা অনুরোধ—এ দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আজ বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

মুখপাত্র জানান, প্রত্যর্পণের অনুরোধটি দেশের প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়ার আওতায় বিবেচনা করা হচ্ছে। এর সঙ্গে একজন নাগরিকের প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র নিয়ে স্বেচ্ছায় নিজের দেশে ফিরে যাওয়ার ইচ্ছার কোনো মিল নেই। তাই দুটি বিষয়কে এক করে দেখার সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেন। এরপর থেকেই তাঁকে ফেরত পাঠাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন এবং এর জন্য বাংলাদেশ বিমানের ফ্লাইট ব্যবস্থার আহ্বান জানিয়েছেন। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে যে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাঁকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরিয়ে আনা হবে।

ব্রিফিংয়ে বাংলাদেশের কিছু এলাকায় সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রণধীর জয়সোয়াল বলেন, এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অপরাধীদের বিচার নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। তবে নড়াইলের হামলার বিষয়ে জেলা পুলিশ জানিয়েছে, সেখানে হিন্দু সম্প্রদায়ের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি এবং এসংক্রান্ত প্রচার বানোয়াট।

এছাড়া ইন্দোনেশিয়ার নৌবাহিনী কর্তৃক বাংলাদেশগামী অস্ত্র ও বিস্ফোরকভর্তি জাহাজ আটকের বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সোয়াল জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং ভারত এ ধরনের ঘটনার ওপর সবসময় তীক্ষ্ণ নজর রাখে।

উৎস: https://bagmarapratidin.com/news/176
প্রতিবেদকের তথ্য
mahfuzur joni

mahfuzur joni

সর্বশেষ সংবাদ
বাঁশের সাঁকো ভেঙে ভ্যানসহ পানিতে পড়ে তিনজন আহত, দহের ঘাটে স

বাঁশের সাঁকো ভেঙে ভ্যানসহ পানিতে পড়ে তিনজন আহত, দহের ঘাটে স