বিশেষ প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের শালজোড়-এনায়েতপুর গ্রামে পশ্চিমপাড়া প্রধান সড়কে স্থাপন করা সোলার স্ট্রিট লাইটগুলো দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। ফলে সন্ধ্যার পর সড়কটি আবারও অন্ধকারে ডুবে যাচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, সৌরশক্তিচালিত এসব বাতি স্থাপনের পর সন্ধ্যার সময় সড়কে আলো পাওয়া যেত। কিন্তু বর্তমানে দুইটি লাইট নষ্ট হয়ে যাওয়ায় রাতে সড়কে পর্যাপ্ত আলো থাকে না। এতে পথচারী ও যানবাহন চালকদের চলাচলে সমস্যা হচ্ছে।
বিশেষ করে সন্ধ্যার পর নারী, শিশু ও বয়স্কদের চলাচলে নিরাপত্তার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। অন্ধকারের কারণে সড়কে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে বলে জানান তারা।
শালজোড় গ্রামের বাসিন্দা মো: শাহাবুর রহমান (২৬) অভিযোগ করেন সোলার লাইটগুলো নষ্ট হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও সেগুলো মেরামত বা সচল করার উদ্যোগ নেওয়া হয়নি। সরকারি অর্থে স্থাপন করা এসব লাইট নিয়মিত রক্ষণাবেক্ষণ করা না হলে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হবে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দারা দ্রুত নষ্ট সোলার স্ট্রিট লাইটগুলো মেরামত করে পুনরায় সচল করার জন্য গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |