শীতকালীন ছুটির আগে সরকারি প্রাথমিক শিক্ষকদের দুঃসংবাদ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য শীতকালীন ছুটি শুরুর আগেই এলো দুঃসংবাদ। বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শীতকালীন ছুটির কয়েকদিন বাতিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
নির্দেশনা অনুযায়ী, আগামী ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা পরীক্ষার দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপসচিব রওশন আরা পলির সই করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, শিক্ষকদের সাম্প্রতিক আন্দোলনের কারণে ১ থেকে ৪ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ফলে শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন সম্পন্ন করার স্বার্থে পূর্বনির্ধারিত শীতকালীন ছুটির কিছুদিন বাতিল করে স্থগিত থাকা পরীক্ষাগুলো গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, শুক্রবার ও শনিবার ব্যতীত ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাতিল থাকবে। এ সময়ের মধ্যে স্থগিত পরীক্ষাগুলো গ্রহণের জন্য বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, মন্ত্রণালয় প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী ১১ ডিসেম্বর থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল।