রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি স্বাক্ষরের পর এপ্রিল-জুন প্রান্তিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ দ্বিগুণ করেছে বাংলাদেশ। বোয়িং কোম্পানির উড়োজাহাজ কিনতেও দেওয়া হয়েছে বড় অর্ডার। কিন্তু, এরপরেও ওয়াশিংটন মার্কিন তুলা থেকে তৈরি করা পোশাক রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা এখনও দেয়নি। উল্টো "অতিরিক্ত উৎপাদন সক্ষমতার" অভিযোগ তুলে বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে।
পাশাপাশি ট্রাম্প প্রশাসন চীন থেকে সুতা আমদানি কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে বেশি পরিমাণে সুতা কেনার জন্যও ঢাকার ওপর চাপ সৃষ্টি করেছে। আর শিল্পখাতের নেতারা সতর্ক করে বলেছেন, এই পরিবর্তন উৎপাদন ব্যয় বাড়িয়ে দেবে এবং এমনিতেই ধুঁকতে থাকা দেশের বস্ত্র (টেক্সটাইল) খাতকে খাদের কিনারায় ঠেলে দেবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের সামগ্রিক আমদানি মাত্র ০ দশমিক ৫০ শতাংশ বাড়লেও যুক্তরাষ্ট্র থেকে আমদানি ব্যয় বেড়েছে ৩২ শতাংশেরও বেশি। গত অর্থবছরে বাংলাদেশ ৩৩১ কোটি ডলারের সুতা এবং ৩০০ কোটি ডলারের তুলা আমদানি করেছে; এর পাশাপাশি বিপুল পরিমাণ কাপড় ও ফাইবার আমদানি করা হয়েছে, যার বড় অংশই এসেছে চীন থেকে—যাকে যাকে 'নন মার্কেট ইকোনমি' (অ-বাজার অর্থনীতি) হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্র।
এক প্রান্তিকেই যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ১১৩ শতাংশ
বাংলাদেশ ব্যাংকের দেশভিত্তিক আমদানি তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি বেড়ে ৩৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে, আগের অর্থবছরে যা ছিল ২৭২ কোটি ডলার। ফেব্রুয়ারিতে রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির পর এপ্রিল-জুন প্রান্তিকে আমদানি আগের প্রান্তিকের তুলনায়, ১১৩ দশমিক ১১ শতাংশ বেড়ে ১২৯ কোটি ডলারে দাঁড়ায়। জানুয়ারি-মার্চে আমদানি ছিল ৬০৫.৬ মিলিয়ন বা ৬০ কোটি ৫৬ লাখ ডলার।
এই বৃদ্ধির প্রায় ৯৩ শতাংশ এসেছে জ্বালানি ও তেল আমদানির বাড়তি ব্যয় থেকে।
যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের প্রথমার্ধে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৬১ শতাংশ বেড়ে ৫০ দশমিক ২৩ বিলিয়ন ঘনফুটে (বিসিএফ) পৌঁছেছে, আগের বছরের একই সময়ে যা ছিল ৩১ দশমিক ২৭ বিসিএফ।
দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায়, আগামী ১৫ বছরে প্রায় ১৫ বিলিয়ন বা দেড় হাজার কোটি ডলারের মার্কিন এলএনজি আমদানি করবে বাংলাদেশ। পাশাপাশি প্রতিবছর ৭ লাখ টন গম, ২৬ লাখ টন সয়াবিন ও সয়াজাত পণ্য এবং ৩৫০ কোটি ডলারের তুলা কেনার কথা রয়েছে। এ ছাড়া গানভর ইএসএ এলএলসি-এর কাছ থেকে ২০২৬-২০৩৮ সময়ে ১১৭টি এলএনজি কার্গো আমদানির ১২ বছর মেয়াদি চুক্তির অনুমোদন দিয়েছে সরকার; তবে এর আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি।
এর পাশাপাশি, বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কিনবে। এর মধ্যে ১৪টির জন্য ৩০ এপ্রিল ৩৭০ কোটি ডলার বা প্রায় ৪৫ হাজার ৫১০ কোটি টাকার চুক্তি হয়েছে। সরবরাহ হবে ২০৩১-২০৩৫ সালের মধ্যে। বাকি ১১টির চুক্তি ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে সই হলেও উড়োজাহাজের মূল্য প্রকাশ করা হয়নি।
একইসঙ্গে প্রায় ৪,৫০০ মার্কিন পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে এবং আরও ২,২১০টি পণ্যের ওপর আগামী ১০ বছরে পর্যায়ক্রমে শুল্ক হ্রাস করতে সম্মত হয়েছে বাংলাদেশ। বেসরকারি গবেষণা সংস্থা– সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) প্রাক্কলন করেছে যে, এসব ছাড়ের কারণে চলতি অর্থবছরে আমদানি শুল্ক বাবদ সরকারের আয় কমবে ১ হাজার ৩২৭ কোটি টাকা।
এদিকে, সরকার-থেকে-সরকার (জিটুজি) পর্যায়ে মার্কিন গম আমদানির খরচ গত ডিসেম্বরের প্রতি টন ৩১২ দশমিক ২৫ ডলার থেকে বেড়ে ৪ লাখ ৪০ হাজার টনের নতুন চুক্তিতে প্রতি টন ৩৪৭ দশমিক ৭৫ ডলারে উঠেছে। ব্যবসায়ীরা বলছেন, প্রচলিত আন্তর্জাতিক বাজারদরের চেয়ে বেশি দামে বেশ কিছু মার্কিন পণ্য ক্রয় করা হয়েছে।