বাগমারা প্রতিদিন :
শীত ঘনিয়ে আসছে। উত্তরের হিমেল হাওয়ায় কাঁপতে শুরু করেছে গ্রামবাংলা। এই কনকনে শীতে সবচেয়ে বিপাকে পড়েন সমাজের অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে তাঁদের কষ্টের শেষ থাকে না। এই বাস্তবতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিশেষ করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইচ্ছুকদের উদ্দেশে এই আহ্বান। প্রতিটি ইউনিয়নে সাধারণত তিন-চারজন করে প্রার্থী জনগণের সমর্থন চাইছেন। তাঁদের প্রতি বিশেষ অনুরোধ, নিজ নিজ ইউনিয়নের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। শীতবস্ত্র ও কম্বল বিতরণের মাধ্যমে মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এগিয়ে আসুন।
জনপ্রতিনিধি হওয়ার প্রকৃত পরিচয় মেলে মানুষের দুর্দিনে পাশে থাকার মধ্য দিয়ে। ভোটের মাঠের প্রতিশ্রুতির চেয়ে শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল জড়িয়ে দেওয়া অনেক বেশি অর্থবহ। এই মানবিক উদ্যোগ শুধু অসহায়দের উপকারই করবে না, জনগণ ও নেতৃত্বের মধ্যে আস্থা ও সম্পর্কের বন্ধনও দৃঢ় করবে।
এখন দেখার বিষয়, কোন ইউনিয়নের নেতৃত্ব সবার আগে এই মানবিক উদ্যোগে এগিয়ে আসেন এবং শীতার্তদের মুখে হাসি ফোটান।
যাঁরা শীতবস্ত্র বিতরণের প্রস্তুতি নিচ্ছেন বা এ বিষয়ে সহযোগিতা চান, তাঁরা এই সংবাদটি দেখে যোগাযোগ করতে পারেন:
০১৭৭৫৬৭১৪২১