রাতের আঁধারে চলছে খননকাজ, জমির মালিকদের সম্মতি ছাড়াই জমি দখলের অভিযোগ
স্টাফ রিপোর্টার,রাজশাহী
রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের খয়রার বিলের মজিদপুর মৌজায় প্রায় ৫০ বিঘা উর্বর ও বহুফসলি কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগ উঠেছে।
গত পরশু রাত থেকে ভেকু (খননযন্ত্র) দিয়ে এসব জমিতে খননকাজ শুরু হয়েছে। স্থানীয় জমির মালিক ও এলাকাবাসীর আশঙ্কা, একাধিক ভেকু মেশিন নামিয়ে পর্যায়ক্রমে বিশাল এই কৃষিজমি পুকুরে পরিণত করা হতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষিজমিতে পুকুর খননের জন্য ইতোমধ্যে একাধিক ভেকু মেশিন ঘটনাস্থলে আনা হয়েছে। দিনের পরিবর্তে রাতের আঁধারে এসব মেশিন দিয়ে খননকাজ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয় জমির মালিক ও এলাকাবাসীর অভিযোগ, মজিদপুর গ্রামের আজাদ এবং নজের আলী মাস্টারের ছেলে মো. বাবু এই পুকুর খনন কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে খননকাজে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
জমির মালিকদের দাবি, তাঁদের সম্মতি ছাড়াই ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক জমি দখল করে পুকুর খনন করা হচ্ছে। এতে জমির মালিকানা, জীবিকা ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তাঁরা।
খয়রার বিলের এসব জমি দীর্ঘদিন ধরে কৃষিকাজে ব্যবহৃত হয়ে আসছে। প্রায় ৫০ বিঘা উর্বর ও বহুফসলি জমিতে বিভিন্ন মৌসুমে নানা ধরনের ফসল উৎপাদিত হয়। এসব জমি পুকুরে পরিণত করা হলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষক পরিবারের জীবিকা, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও প্রাকৃতিক জলপ্রবাহ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ পরিস্থিতিতে মজিদপুর মৌজার জমির মালিক ও এলাকাবাসীর পক্ষ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে জরুরি হস্তক্ষেপ কামনা করে চলমান পুকুর খনন বন্ধ, ঘটনাস্থলে থাকা ভেকু মেশিন অপসারণ, জমির মালিক ও এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
তবে অভিযোগকারীদের দাবি, প্রশাসনকে বিষয়টি জানানোর পরও এখন পর্যন্ত কার্যকর কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে রাতের আঁধারে খননকাজ অব্যাহত রয়েছে। তাঁদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে অল্প সময়ের মধ্যেই বিপুল পরিমাণ কৃষিজমি পুকুরে পরিণত হবে।
জমির মালিক ও এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা কোনো ধরনের সংঘাত চান না। নিজেদের পৈতৃক ও বৈধ কৃষিজমি, জীবিকা এবং এলাকার পরিবেশ রক্ষা করাই তাঁদের উদ্দেশ্য। ইতোমধ্যে খননকাজ শুরু হওয়ার পাশাপাশি ওই রাতে আরও পাঁচটি ভেকু মেশিন নামানোর খবর পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে।
এলাকাবাসীর দাবি, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা সংঘাতের অপেক্ষা না করে প্রশাসন যেন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। একই সঙ্গে চলমান খননকাজ বন্ধ, ভেকু মেশিন অপসারণ, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
তাঁদের আশঙ্কা, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে একদিকে যেমন উর্বর কৃষিজমি ধ্বংস হবে, অন্যদিকে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটতে পারে।